সিলেটে কোম্পানীগঞ্জ সমিতির উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান
সিলেট প্রতিনিধি:
সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির উদ্যোগে এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় ২০২৬ সালে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, সনদ বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সিলেট প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সমিতির সভাপতি রফিকুল হকের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হেলাল ও নিজাম উদ্দিনের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন অনুষদের ডিন অধ্যাপক তোতিউর রহমান এবং সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, সাংবাদিক মোহাম্মদ সিরাজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেইন।
এছাড়াও বক্তব্য রাখেন সমিতির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মকদ্দছ আলী, মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদের সভাপতি জিয়াউর রহমান মিজান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইছরাইল আলী, শিক্ষিকা অর্চনা রানী রায় ও কামাল মিয়া।
কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মো. আজহার উদ্দিন, মাসহুবা জান্নাত মুন ও ফরহাদ আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি হুমায়ুন কবির মছব্বির ও আবুল খায়ের মাস্টার, কোষাধ্যক্ষ আলীমুজ্জামান, প্রচার সম্পাদক আবিদুর রহমান, সনজিত কুমার সিংহ, কার্যকরী কমিটির সদস্য ফয়জুল হক, দাতা সদস্য রফিকুল ইসলাম ও লালন মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন আবু সিদ্দিক, ইয়াছিন আলী, দুলাল আহমদ, আব্দুল হামিদ, নুর উদ্দিন, শিক্ষক রিপন আহমদ, নজরুল ইসলাম, মনিরুজ্জামান, আব্দুস সামাদ, আব্দুল বাছিত ও মাসুক মিয়াসহ সমিতির অন্যান্য সদস্য, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কাজী মো. জসিম উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের মেধা ও মননশীলতার বিকাশে উৎসাহ প্রদান এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানের শেষপর্বে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও সনদ তুলে দিয়ে সংবর্ধনা জানানো হয়।


