গোয়াইনঘাট প্রতিনিধি: ২১ এপ্রিল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর তত্ত্বীয় পরীক্ষা বুধবার (২০ মে) শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। গোয়াইনঘাট উপজেলার সর্বোচ্চ সংখ্যক পরীক্ষার্থী অংশগ্রহণকারী কেন্দ্র বঙ্গবীর এমএজি ওসমানী উচ্চ বিদ্যালয়-এ সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ব্যবস্থার অন্তর্ভুক্তি স্বচ্ছতা নিশ্চিত ও নকল প্রতিরোধে কার্যকর ভূমিকা রেখেছে। “নকলকে না বলি, মেধা নিয়ে সামনে চলি” প্রতিপাদ্যকে সামনে রেখে পুরো পরীক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়।
পরীক্ষা চলাকালে কেন্দ্র কর্তৃপক্ষ, ট্যাগ অফিসার, চিকিৎসক, শিক্ষক, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। তাদের সহযোগিতায় পুরো পরীক্ষা কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
এক শুভেচ্ছা বার্তায় মোহাম্মদ শফিকুর রহমান বলেন, এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এ অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তিনি পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বলেন, তারা যেন কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের মাধ্যমে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখতে পারে।
এদিকে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে বঙ্গবীর এমএজি ওসমানী উচ্চ বিদ্যালয়-এ বহুতল ভবন নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করা হয়েছে।


