কুরআন-হাদিসের আলোকে মানতের সঠিক আকীদা ও মুসলমানের করণীয়:
আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি মানুষকে তাওহীদের আলোয় আলোকিত করেছেন এবং সকল ইবাদত একমাত্র তাঁর জন্য নির্ধারণ করেছেন। দরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, শেষ নবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর প্রতি।
বর্তমান সমাজে অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যায়, অনেক মুসলমান বিপদ-আপদ, রোগ-ব্যাধি, সন্তান লাভ, চাকরি, ব্যবসায় উন্নতি কিংবা বিভিন্ন আশা-আকাঙ্ক্ষা পূরণের উদ্দেশ্যে আল্লাহর পরিবর্তে পীর, মাজার, দরগাহ বা কোনো ব্যক্তির নামে মানত করছেন। কেউ বলেন, “এই কাজটি হলে অমুক মাজারে গরু দেব”, “অমুক পীরের নামে শিরনি দেব”, “অমুক দরগায় ছাগল মানত করেছি।” অথচ ইসলামের দৃষ্টিতে মানত একটি ইবাদত, আর ইবাদত কেবলমাত্র মহান আল্লাহর জন্যই নির্ধারিত।
কুরআনে আল্লাহ তাআলা নেককার বান্দাদের পরিচয় দিতে গিয়ে বলেন, “তারা মানত পূর্ণ করে এবং সেই দিনের ভয় করে, যার অনিষ্ট হবে সর্বব্যাপী।” (সূরা আল-ইনসান: ৭)
আবার আল্লাহ তাআলা বলেন, “তোমরা যা কিছু ব্যয় কর কিংবা যে মানত কর, নিশ্চয়ই আল্লাহ তা জানেন।” (সূরা আল-বাকারা: ২৭০)
এই আয়াতগুলো স্পষ্টভাবে প্রমাণ করে যে মানত আল্লাহর সঙ্গে সম্পর্কিত একটি ইবাদত।
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,”যে ব্যক্তি আল্লাহর আনুগত্যের মানত করে, সে যেন তা পূর্ণ করে। আর যে ব্যক্তি আল্লাহর অবাধ্যতার মানত করে, সে যেন তা পূর্ণ না করে।” (সহিহ বুখারি)
অন্য এক হাদিসে তিনি বলেন,”মানত কোনো অমঙ্গল দূর করতে পারে না; বরং এর মাধ্যমে কৃপণের কাছ থেকে কিছু বের করা হয়।” (সহিহ মুসলিম)
অর্থাৎ মানত করা ইসলামে বাধ্যতামূলক নয়। কিন্তু যদি কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য শরিয়তসম্মত কোনো মানত করে, তবে তা পূরণ করা ওয়াজিব। আর আল্লাহ ছাড়া অন্য কারো নামে মানত করা ইসলামের শিক্ষা নয়।
🙏মনে রাখতে হবে, পীর, ওলী, মাজার কিংবা কোনো নেককার ব্যক্তি সম্মানিত হতে পারেন; কিন্তু তারা ইবাদতের অংশীদার নন। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন,
“বলুন, নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন ও আমার মৃত্যু বিশ্বজগতের প্রতিপালক আল্লাহরই জন্য।” (সূরা আল-আনআম: ১৬২)
অতএব মানতের নামে কুসংস্কার, অন্ধবিশ্বাস ও বিদআত পরিহার করে বিশুদ্ধ কুরআন-সুন্নাহর জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলমানের দায়িত্ব। ধর্মীয় বিষয়ে আবেগ নয়, দলিলই হবে আমাদের পথপ্রদর্শক।
আসুন, আমরা প্রতিজ্ঞা করি আমাদের দোয়া, মানত, কুরবানি, ইবাদত ও জীবনের প্রতিটি আমল একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টির জন্যই নিবেদিত থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিশুদ্ধ আকীদা, সহিহ আমল এবং তাওহীদের ওপর অটল থাকার তাওফীক দান করুন।
আমীন, ইয়া রাব্বাল আলামীন।
শায়খ ক্বারী মোহাম্মদ শরীফ আহমদ
সিনিয়র শিক্ষক আল মাদিনা মডেল মাদ্রাসা,সিলেট।


