Homeবাংলাদেশসিলেটে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সম্পন্ন কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি, সংসদে...

সিলেটে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সম্পন্ন কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি, সংসদে বিল পাসের আহ্বান

সিলেটে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সম্পন্ন
কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি, সংসদে বিল পাসের আহ্বান
সিলেট প্রতিনিধি:
সিলেটে দুই দিনব্যাপী আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সম্পন্ন হয়েছে। ১৪ ও ১৫ নভেম্বর সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে বক্তারা আহমদীয়া সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি জানিয়েছেন। একই সঙ্গে এ বিষয়ে জাতীয় সংসদে বিল উত্থাপন ও পাস করার জন্য সরকারের পাশাপাশি বিরোধী দলের প্রতিও আহ্বান জানান তাঁরা।
সম্মেলনে বক্তারা বলেন, খতমে নবুওয়তের আকিদা ইসলামের অন্যতম মৌলিক বিশ্বাস। এ আকিদার সংরক্ষণে রাষ্ট্রীয় ও সামাজিক পর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। এ সময় আহমদীয়া সম্প্রদায়ের ধর্মীয় পরিচয়, উপাসনালয় ও কার্যক্রম নিয়ে নিজেদের আপত্তি তুলে ধরে তাঁদের জন্য পৃথক উপাসনালয়ের ব্যবস্থা এবং আহমদীয়া মসজিদ ও মাদরাসা প্রতিষ্ঠার বিষয়ে সরকারি নিষেধাজ্ঞা জারির দাবিও জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, বাংলাদেশের দণ্ডবিধির ২৯৫ থেকে ২৯৮ ধারার আলোকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি ১৯৭৪ ও ১৯৮৮ সালের ওআইসির সিদ্ধান্ত এবং ১৯৯৩ সালের হাইকোর্টের রায়ের প্রসঙ্গ তুলে ধরে তাঁদের দাবির পক্ষে বক্তব্য দেন তাঁরা।
শনিবার (১৪ নভেম্বর) বাদ আসর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। রোববার (১৫ নভেম্বর) বিভিন্ন অধিবেশন, আলোচনা ও বিশিষ্ট আলেমদের বক্তব্যের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ মহাসম্মেলনের সমাপ্তি ঘটে।
সমাপনী দিনের প্রধান অতিথির বক্তব্যে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির কেন্দ্রীয় আমির ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ পীরসাহেব মধুপুর বলেন, “কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি জীবনের বিনিময়ে হলেও আদায় করব।”
তিনি বলেন, খতমে নবুওয়তের পবিত্র আকিদা সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে এ বিষয়ে সঠিক ইসলামী শিক্ষা পৌঁছে দিতে ওলামায়ে কেরাম, মসজিদ-মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সরকারের প্রতি দাবি জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব ও ফকিহে মিল্লাত মুফতি আব্দুল মালেক বলেন, খতমে নবুওয়তের আকিদা ইসলামের অন্যতম মৌলিক ও অপরিহার্য বিশ্বাস। মহানবী হযরত মুহাম্মদ (সা.) সর্বশেষ নবী ও রাসুল। তাঁর পরে আর কোনো নবী আসবেন না। এ আকিদা মুসলিম উম্মাহর ঈমানের অবিচ্ছেদ্য অংশ। এ বিষয়ে জাতীয় সংসদে বিল উত্থাপন করে পাস করার দাবিও জানান তিনি।
সম্মেলনের প্রথম দিনের অতিথি হিসেবে বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি এবং শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি।
মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “মহানবী হযরত মুহাম্মদ (সা.) সর্বশেষ নবী। তাঁর পরে আর কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস।” তিনি বলেন, আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার যুগে মহানবী (সা.) রহমাতুল্লিল আলামিন হিসেবে পৃথিবীতে আবির্ভূত হন। অল্প সময়ের মধ্যে তিনি সমাজ থেকে মারামারি-হানাহানি দূর করে নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে শান্তিময় সমাজ বিনির্মাণ করেন।
মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, “আমরা উলামায়ে কেরামের দাবির প্রতি আন্তরিক।” বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, কওমি মাদরাসা ও আলেম-ওলামাদের ওপর অত্যাচার-নির্যাতন চালানো হয়েছিল। শাপলা চত্বরে আলেমদের যারা রক্ত ঝরিয়েছিল, তারা আজ এ দেশে নেই; কিন্তু মসজিদ-মাদরাসা টিকে আছে।
দেশ-বিদেশের বিশিষ্ট আলেম ও অতিথিদের মধ্যে বক্তব্য দেন পশ্চিমবঙ্গের সাবেক গণশিক্ষা ও গ্রন্থাগারমন্ত্রী এবং জমিয়তে উলামায়ে হিন্দ পশ্চিমবঙ্গের সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী, আযাদ দ্বীনি এদারায়ে তালিমের সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দিন, শায়খুল হাদীস মাওলানা আলিমুদ্দীন দুর্লভপুরী, সিলেটের কানাইঘাট-জকিগঞ্জের সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুফতি আবুল হাসান এমপি, অধ্যাপক মাওলানা মুহিব্বুর রহমান, নাযিমে এদারা শায়খ মাওলানা আব্দুল বাছীর, যুক্তরাজ্যের মুফতি আব্দুল মুনতাকিম ও ড. মাওলানা শুয়াইব আহমদ, বিশিষ্ট গবেষক ও লেখক মাওলানা মুসা আল হাফিজ, মুফতি আব্দুল মজিদ, মাওলানা হোসাইন আহমদ মারকাজুদদাওয়া এবং মুফতি শফি কাসেমী বগুড়া।
বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি সিলেট জেলা সভাপতি ও কেন্দ্রীয় নায়েবে আমির শায়খুল হাদীস মাওলানা শফিকুল হক সুরইঘাটী, মহানগর সভাপতি শায়খুল হাদীস মাওলানা সালেহ আহমদ জকিগঞ্জী, শায়খুল হাদীস মাওলানা আব্দুল মুসাব্বির কলাবাড়ী, রেঙ্গা মাদরাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান, জামিয়া মাদানিয়া কাজিরবাজারের মুহতামিম মাওলানা আব্দুস সোবহান এবং ভার্থখলা মাদরাসার মুহতামিম মাওলানা মজদুদ্দিন।
এ ছাড়া উপস্থিত ছিলেন কাজিরবাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা ছিদ্দিকুর রহমান চিশতি, পশ্চিমবঙ্গের মাওলানা বাহা উদ্দিন কাসেমী, মুফতি মুজিবুর রহমান আঙ্গুরা, সিলেট বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমদ খান, মাওলানা হাবিবুল্লাহ আরমানী, শায়খুল হাদীস মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির নেতা মাওলানা মুহিবুর রহমান মুক্তিরচক, রামধা মাদরাসার মুহতামিম মাওলানা ইউসুফ খাদিমানী, জামেয়া দরগাহর শায়খে সানী ও প্রধান মুফতি মাওলানা আবুল খায়ের বিথঙ্গলী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট মহানগর জমিয়তের সহসভাপতি প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী এবং বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর সভাপতি মাওলানা এমরান আলমসহ বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।
সম্মেলনে পাঁচ দফা দাবি ঘোষণা করেন মাওলানা নিজামুদ্দিন রানাপিংগী। মহাসম্মেলনের যৌথ পরিচালনায় ছিলেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ ছালিম আহমদ কাসেমী, মাওলানা হাসান বিন ফাহিম, মাওলানা বাহাউদ্দীন বাহার, এম বেলাল আহমদ চৌধুরী ও নোমান বিন আফসার। এ সময় নাশিদ পরিবেশন করেন আব্দুল করিম দিলদার।
দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক মহাসম্মেলনে দেশ-বিদেশের বিশিষ্ট আলেম, ইসলামি চিন্তাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও ধর্মীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য