নিজস্ব প্রতিবেদক, সিলেট:
শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক পাঠদান পদ্ধতির উন্নয়ন এবং মানসম্মত দ্বীনি শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সিলেটে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সিলেট নগরীর মাদরাসাতুল কুরআন ওয়াস সুন্নাহ সিলেটের হলরুমে জালালাবাদ মুহতামিম পরিষদের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
জালালাবাদ মুহতামিম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা শিব্বির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসাতুল কুরআন ওয়াস সুন্নাহ’র প্রতিষ্ঠাতা মাওলানা লোকমান আহমেদ।
কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া ক্বাসিমুল উলূম দরগাহ মাদরাসার শিক্ষা সচিব মুফতি আতাউল হক জালালাবাদী। এছাড়া প্রশিক্ষণ প্রদান করেন আযাদ দ্বীনি এদারায়ে তা’লীম, বাংলাদেশ বোর্ডের প্রধান প্রশিক্ষক মাওলানা ওবাইদুল্লাহ, মাওলানা মোবারক হোসাইন, মাওলানা মনসুরসহ জালালাবাদ মুহতামিম পরিষদের নেতৃবৃন্দ।
কর্মশালায় সিলেট বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।
আলোচকবৃন্দ বলেন, একজন দক্ষ শিক্ষকই পারে একটি আদর্শ প্রজন্ম গড়ে তুলতে। তাই যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই। তাঁরা বলেন, পাঠদানের কৌশল, শিক্ষার্থীদের মানসিক বিকাশ, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা ও নৈতিক শিক্ষার বিষয়ে শিক্ষকদের আরও দক্ষ হয়ে উঠতে হবে।
বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সমন্বয় অত্যন্ত জরুরি। শিক্ষক প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধি পেলে শিক্ষার্থীরাও উপকৃত হবে এবং শিক্ষার মান আরও উন্নত হবে।
শেষে দেশ, জাতি ও শিক্ষা ব্যবস্থার উন্নতি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।


