
ঘড়ির কাঁটায় তখন সকাল সাড়ে ১০টা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড দিয়ে যাচ্ছেন এক বৃদ্ধ ভ্যানচালক। কথা বলে জানা গেল, তাঁর নাম মো. আবদুল্লাহ। বয়স ৭৩। জীবনের দীর্ঘ পথ পার করলেও তিনি আজও থেমে যাননি—বাস্তবতা ও সংসারের ভার কাঁধে নিয়ে প্রতিদিনই ভ্যান নিয়ে বের হন জীবিকার সন্ধানে। তিনি আরও বলেন, ‘বয়স হইছে, শরীর আর আগের মতো চলে না। তবু থামার উপায় নাই। কাজ না করলে সংসার চলবে কেমনে? ছোটবেলা থেকে কাজ করি, এখনো করি। এইটাই আমার জীবন।’
রোদ, বৃষ্টি, ক্লান্তি—সবকিছুকে সঙ্গী করেই আবদুল্লাহর দিন কাটে। জীবনের কাছে তিনি হার মানেননি। এটা শুধু তাঁর নিজের গল্প নয়, বরং দেশের শ্রমজীবী মানুষদের নীরব সংগ্রামের প্রতিচ্ছবি। যাঁদের শরীরের ঘাম আর পরিশ্রমে প্রতিদিনের জীবন সহজ ও স্বাচ্ছন্দ্যময় হয়ে ওঠে, তাঁদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ব্যতিক্রম আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। আজ শুক্রবার সকালে বন্ধুসভার উদ্যোগে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে শ্রমজীবী মানুষদের মধ্যে গামছা বিতরণ করা হয়। এ ছোট উপহারই তাঁদের মুখে এনে দেয় একচিলতে হাসি।



