সিলেট প্রতিনিধি: দীর্ঘদিন পর ইতালি থেকে স্বদেশের মাটিতে ফিরেছেন সিলেটের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ, কবি ও সংগঠক লুৎফুর রহমান তারেক। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টায় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ, কবি-সাহিত্যিক, শুভাকাঙ্ক্ষী ও পরিবারের সদস্যরা তাকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় বরণ করে নেন।
এ সময় বিমানবন্দর এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিন পর প্রিয় মানুষটিকে কাছে পেয়ে শুভাকাঙ্ক্ষীরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।
অভ্যর্থনাকালে উপস্থিত কবি, সাহিত্যিক ও সংগঠকরা বলেন, লুৎফুর রহমান তারেক একজন নিবেদিতপ্রাণ সংগঠক ও সাহিত্যপ্রেমী মানুষ। সিলেটের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সাহিত্যচর্চার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে মানুষের কল্যাণে কাজ করে আসছেন।
বক্তারা আরও বলেন, লুৎফুর রহমান তারেকের সবচেয়ে বড় গুণ হলো তিনি সবাইকে সঙ্গে নিয়ে চলতে ভালোবাসেন। তার আন্তরিকতা, সৌহার্দ্য, বিনয় ও সুন্দর মানসিকতা সহজেই মানুষকে আপন করে নেয়। তার দেশে ফেরায় সিলেটের সাহিত্যাঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হবে এবং কবি-সাহিত্যিকদের সঙ্গে নিয়ে আবারও নিয়মিত সাহিত্যচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডের পরিসর আরও বিস্তৃত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
শুভাকাঙ্ক্ষীরা বলেন, প্রবাসে থেকেও তিনি শেকড় ও স্বদেশের প্রতি ভালোবাসা ধরে রেখেছেন। তার মতো একজন সাহিত্যপ্রেমী ও সংগঠকের স্বদেশে ফিরে আসা সিলেটের সাহিত্য-সংস্কৃতির জন্য নিঃসন্দেহে আনন্দের সংবাদ। আগামী দিনে তার নেতৃত্ব, সৃজনশীলতা ও সাংগঠনিক দক্ষতায় সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গন আরও সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন সিলেটের রাজপথের আন্দোলন-সংগ্রামের পরিচিত মুখ ও সিলেট জেলা বিএনপির সহ-ক্রীড়া সম্পাদক সুমেল আহমদ চৌধুরী, মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক শাহ্ সাব্বির বাবু, কবি ও সংগঠক শাহ্ আব্দুস সালাম, কবি মাহবুব হোসেন নওশাদ, শ্রীরামসী ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আকিকুর রহমান অপু, বিএনপি নেতা শেবলু, মাজহারুল ইসলাম ও আব্দুস সালাম, কচরাকেলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু তাহের চৌধুরী, কবি সাদ্দাম হোসেন জুনেদ, কবি জাকির হোসেন, যুক্তরাজ্য প্রবাসী হাবিবুর রহমান লায়েক, কবি রুবেল আহমদ, কবি ও সাংবাদিক মোহাম্মদ ঈসা তালুকদার, কবি মোবারক হোসেন, গ্রান্ড নিউজের প্রতিনিধি আবুবাকার সিদ্দিক জাহিদুল ইসলামসহ পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা।
দীর্ঘদিন পর স্বদেশে ফিরে লুৎফুর রহমান তারেকও উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, প্রিয়জন, বন্ধু, সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা তাকে আবেগাপ্লুত করেছে। আগামী দিনে সবার সহযোগিতা ও ভালোবাসা নিয়ে সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


