আদর্শ নূরানী মাদরাসা সিলেটের উদ্যোগে শিশু-কিশোর সিরাত কনফারেন্স ও পুরস্কার বিতরণী সম্পন্ন
সিলেট প্রতিনিধি:
আদর্শ নূরানী মাদরাসা, সিলেটের উদ্যোগে দিনব্যাপী শিশু-কিশোর সিরাত কনফারেন্স ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সিলেটের শহীদ সুলেমান হলে আয়োজিত এ অনুষ্ঠানে শিশু-কিশোর শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের শ্রদ্ধাভাজন উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সর্বোচ্চ ভালোবাসার পাশাপাশি তাঁর আদর্শকে জীবনে বাস্তবায়ন করতে হবে। সালাম দেওয়া, সত্য কথা বলা, আমানতদারিতা প্রতিষ্ঠা করা এবং রাসুলুল্লাহ (সা.)-এর নাম উচ্চারণের সঙ্গে দরুদ পাঠের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সিরাত কনফারেন্স থেকে শুধু জ্ঞান অর্জন নয়, বরং মাতা-পিতার কথা মানা, শিক্ষক ও ওস্তাদদের পরামর্শ গ্রহণ এবং পবিত্র কোরআনের আদেশ-নিষেধ অনুযায়ী জীবন পরিচালনার শিক্ষা নিয়ে যেতে হবে।
রাসুলুল্লাহ (সা.)-এর চরিত্র সম্পর্কে হযরত আয়েশা (রা.)-এর বর্ণনা উল্লেখ করে তিনি বলেন, কোরআনুল কারিমের আদর্শই ছিল মহানবী (সা.)-এর জীবনাদর্শ। তাই কোরআনের শিক্ষা অনুসরণ করতে পারলে তাঁর আদর্শে জীবন গঠন করা সম্ভব।
বর্তমান বিশ্বে মুসলিম উম্মাহর বিভিন্ন সংকটের কথা উল্লেখ করে তিনি গাজা ও বায়তুল মুকাদ্দাসে নির্যাতনের প্রসঙ্গ তুলে ধরেন। শিশুদের জন্য দোয়ার আহ্বান জানিয়ে অভিভাবকদের প্রতি ইসলামের ইতিহাস, গাজার ইতিহাস এবং মহানবী (সা.)-এর জীবনাদর্শ সন্তানদের শেখানোর আহ্বান জানান। একই সঙ্গে এমন একটি মহৎ উদ্যোগ গ্রহণের জন্য আদর্শ নূরানী মাদরাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জামিয়া কাসিমুল উলুম মাদরাসার নায়েবে মুহতামিম এবং হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আসজাদ আহমদ।
তিনি বলেন, সিরাতুন্নবী নিয়ে আলোচনা শুধু রবিউল আউয়াল মাসে সীমাবদ্ধ না রেখে বছরব্যাপী হওয়া প্রয়োজন। মহানবী (সা.)-এর উত্তম আদর্শে আদর্শবান নাগরিক ও উম্মত গঠনে এ ধরনের প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি আরও বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ ও জীবনাদর্শ বাস্তবায়নের চেষ্টা করতে হবে। সিরাত শুধু জানার বিষয় নয়, বরং তা জীবনে মানার বিষয়। শিশুদের প্রতি মহানবী (সা.)-এর ভালোবাসা ও আচরণ থেকেও আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে জামিয়া মাদানিয়ার মুহাদ্দিস ও বিশিষ্ট কলামিস্ট মাওলানা শাহ মমশাদ আহমদ বলেন, আজকের এই কনফারেন্স প্রমাণ করে, আমাদের সন্তানরা ইসলামের ইতিহাস ভুলে যায়নি। তাদের সিরাতের আলোকে আলোকিত করে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জনাব কে এম আব্দুল্লাহ আল মামুন, জনাব নিয়াজ মো. আজিজুল করিম, দরগাহ মসজিদের তত্ত্বাবধায়ক মুফতি কয়েস আহমদ, নূরানী মাদরাসার উপদেষ্টা মাওলানা মইনুদ্দীন আহমদ ফয়েজ এবং আল-মাদিনা মডেল মাদরাসার সহকারী পরিচালক মাওলানা ঈসা তালুকদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদর্শ নূরানী মাদরাসার পরিচালক মাওলানা ইমতিয়াজ উদ্দিন ফুয়াদ। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সহকারী পরিচালক মাওলানা ফুজায়েল আহমদ ও হাফিজ ফয়সাল আহমদ।
এ সময় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা ফয়জুল হক, মাওলানা সারোয়ার হোসেন, হাফিজ সাহান আহমদ, মাওলানা শিহাব উদ্দিন, হাফিজুর রহমান আহমদ, হাফিজ আবদুল্লাহসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সিরাত কনফারেন্সে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, সম্মানিত অভিভাবক-অভিভাবিকা, শুভাকাঙ্ক্ষী ও সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আদর্শ নূরানী মাদরাসা সিলেটের উদ্যোগে শিশু-কিশোর সিরাত কনফারেন্স ও পুরস্কার বিতরণী সম্পন্ন
RELATED ARTICLES


