কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার রাজনগর নতুন বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানের ধারাবাহিকতা বজায় রাখা এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে সুধীজন ও অভিভাবকদের অংশগ্রহণে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি শামীম আজাদের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের ছাত্র আব্দুর রহমান।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার। প্রধান বক্তা ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী হাজী শাহাব উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে পলাশ তালুকদার বলেন, শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। প্রতিটি মা-বাবা যদি সন্তানের পড়াশোনার প্রতি নিয়মিত খোঁজখবর রাখেন এবং বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন, তাহলে শিক্ষার্থীরা পড়াশোনায় আরও মনোযোগী হবে। যেসব শিক্ষার্থী কোনো বিষয়ে দুর্বল, তাদের অতিরিক্ত পাঠদানের মাধ্যমে দক্ষ করে তুলতে হবে। শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত উদ্যোগই বিদ্যালয়ের শিক্ষার মান ও সুনাম বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের অভিভাবক সমাবেশ নিয়মিত আয়োজনেরও আহ্বান জানান তিনি।
এ সময় আরও বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম, ইছাকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু, এনসিপি উপজেলা আহ্বায়ক ওবায়েদ আহমেদ, ইউপি সদস্য ইব্রাহিম আলী ও সায়রা খাতুন, শিক্ষক নেতা জিয়াউর রহমান মিজান, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, প্রবীণ মুরব্বি মধু সরকার, শামসুল ইসলাম, আনিসুর রহমান, মখলিছুর রহমান, ডা. নুরুজ্জামান এবং সাংবাদিক আনোয়ার সুরমন, নাঈম মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমাবেশ শেষে বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজের জন্য একটি উন্নয়ন তহবিল গঠন ও অনুদান সংগ্রহ করা হয়।
রাজনগর নতুন বাজার উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
RELATED ARTICLES


