সিলেটের জালালাবাদ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১শ ৬০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ আগস্ট) রাত ৯টা ১০ মিনিটে শিবেরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মুশফিকুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা জালালাবাদ থানার ১নং জালালাবাদ ইউনিয়নের কালিরগাঁও এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে তোফাজ্জল ইসলামের বাড়ির সামনের তিন রাস্তার মোড় থেকে মাসুক মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক মাসুক মিয়া কালিরগাঁও গ্রামের বাসিন্দা। তিনি ইছহাক আলীর ছেলে। তল্লাশিকালে তার কাছ থেকে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় জালালাবাদ থানায় মামলা নং-১০, তারিখ ৪ আগস্ট ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) ধারার সারণি ১০(ক) অনুযায়ী একটি মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
শিবেরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুশফিকুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানই যথেষ্ট নয়, এ ক্ষেত্রে সর্বস্তরের জনগণের সচেতনতা ও সক্রিয় সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক নির্মূলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।


