কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদা পাথর পর্যটন ঘাট ও গাড়ি পার্কিং এলাকার ইজারাদারদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো বিভিন্ন অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (তারিখ) কোম্পানীগঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঘাট কর্তৃপক্ষের প্রতিনিধি নজরুল ইসলাম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৪৩৩ বাংলা সনের জন্য ভোলাগঞ্জ ১০ নম্বর ঘাট থেকে সাদা পাথর পর্যটন ঘাট এবং পার্কিং এলাকা সরকার নির্ধারিত নীতিমালা অনুসরণ করে মো. লিলু মিয়ার নামে ইজারা নেওয়া হয়েছে। ইজারা গ্রহণের পর থেকে সকল শর্ত ও বিধি-বিধান মেনে সুষ্ঠু, স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে ঘাট পরিচালনা করা হচ্ছে। এ বিষয়ে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তারাও অবগত রয়েছেন।
তিনি আরও বলেন, সম্প্রতি কিছু পর্যটক কলাইরাগ সীমান্তসংলগ্ন একটি বিকল্প পথ ব্যবহার করে সাদা পাথর পর্যটন স্পটে প্রবেশ করছেন। সীমান্তঘেঁষা ওই পথটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এর ফলে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের পাশাপাশি দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা তৈরি হচ্ছে। একই সঙ্গে মানবপাচারকারী চক্রের খপ্পরে পড়ার ঝুঁকিও রয়েছে।
পর্যটকদের নিরাপত্তার স্বার্থে কলাইরাগের ওই ঝুঁকিপূর্ণ পথটি বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে উল্লেখ করে নজরুল ইসলাম বলেন, বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও সেখানে সতর্কতামূলক ব্যানার টানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ঘাট পরিচালনায় বিদ্যমান সুশৃঙ্খল ব্যবস্থাপনাকে প্রশ্নবিদ্ধ করতে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। এসব অপপ্রচারের ফলে পর্যটক ও সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণার সৃষ্টি হচ্ছে। প্রকৃত তথ্য জনসম্মুখে তুলে ধরা এবং অপপ্রচারের জবাব দিতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানানো হয়।
এ সময় পর্যটকদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, নিজেদের নিরাপত্তার স্বার্থে কোনো বিকল্প বা ঝুঁকিপূর্ণ পথ ব্যবহার না করে ভোলাগঞ্জ ১০ নম্বর ঘাটের নির্ধারিত নৌপথে সাদা পাথর পর্যটন স্পটে যাতায়াত করার জন্য। এতে নিরাপদ ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সাদা পাথর পর্যটন ঘাট ইজারাদারদের সংবাদ সম্মেলন
RELATED ARTICLES


